১০ জুলাই, ২০২৬
বরিশালের আগৈলঝাড়ায় পাগলা কুকুরের হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ আক্রমণাত্মক হয়ে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে জখম করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ধাওয়া করে কুকুরটিকে হত্যা করেন।
আহতদের মধ্যে রয়েছেন- রাবেয়া আক্তার (১০), মনিরা বেগম (৪৫), বেল্লাল (১০), সাহেব আলী (৬৫), আতাই (২), আরাফাত (৬), আয়ান (৫), আল-আমিন (৪৩), মিনারা বেগম (৬০), জিদনী (২৫), তাওহীদ (২৪), সোহাগ মোল্লা (৪০), প্রত্যয় (২), বিউটি (৪০), রুনু বেগম (৪৫), শাহানুর (৩৭), জান্নাত (৪), মিলন (২৪), নুপুর (৪২), সালমা (৩৫), সেলিনা (৩০), মনজু হালদার (৪৮), হাফিজুল (৩৬), সরোয়ার হোসেন (৩৮), মাসুমা (৫৫) ও পারুল বেগম (৬০)।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান জানান, আহত ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলাতঙ্কের ঝুঁকি থাকায় আহত সবাইকে দ্রুত অ্যান্টি-রেবিস ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।