আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে ১৯৮৫টি হলুদ কার্ড দেখানো রেফারি

১১ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা ও মিশরের শেষ ষোলোর ম্যাচে নাটকীয় প্রত্যাবর্তন ছাপিয়ে আলোচনায় এসেছিলেন রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের। সামনে যখন আরেকটি আর্জেন্টিনা ম্যাচ, তখন রেফারি নিয়ে কৌতুহল থাকা স্বাভাবিক। সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনালের দায়িত্ব পাচ্ছেন পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো।

আর্জেন্টিনার দায়িত্ব পাওয়া এই মূল রেফারি মাঠে নামার আগেই আলোচনায়। কারণ তার রেফারিং ক্যারিয়ারে প্রায় দুই হাজার হলুদ কার্ড দেখিয়েছেন। ট্রান্সফার মার্কেট-এর পরিসংখ্যান অনুযায়ী, ১ হাজার ৯৮৫ বার হলুদ কার্ড বের করেছেন তিনি! ২০১৬ সাল থেকে রেফারির ভূমিকায় পিনহেইরো। ৪৪২ ম্যাচে দায়িত্বে ছিলেন। মানে  ম্যাচ প্রতি ৪.৪৯ হলুদ কার্ড বের করেছেন তিনি!

এখানেই পিনহেইরোর আলোচিত কীর্তি শেষ নয়। ম্যাচ প্রতি গড়ে ০.১৯ লাল কার্ড দেখিয়েছেন, মোট ৮৪টি। পেনাল্টি দিয়েছেন ১৪৯টি।

অবশ্য বিশ্বকাপে বেশ সংযত আচরণ করছেন পিনহেইরো। চলতি আসরেই তার ক্যারিয়ারের দুটি বিশ্বকাপ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। গ্রুপ পর্বে বসনিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের ৪-১ গোলে জয়ের ম্যাচে ও শেষ ৩২ এ কানাডার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১-০ গোলে জয়ের ম্যাচে মাঠে ছিলেন তিনি। বসনিয়া ম্যাচে প্রথমবার বিশ্বকাপে লাল কার্ড বের করেন তিনি এবং স্টপেজ টাইমে তার দেওয়া পেনাল্টি থেকে গ্রানিত জাকা গোল করেন। দুটি সিদ্ধান্তই সুইজারল্যান্ডের পক্ষে গেছে। এই প্রথমবার আর্জেন্টিনার কোনো ম্যাচে রেফারিং করবেন তিনি।

রেফারির ভূমিকায় ৪৭ বছর বয়সী পিনহেইরোর সঙ্গে আরও থাকবেন তার দুই পর্তুগিজ সহকারী ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া।

পর্তুগিজ এই ত্রয়ীর পাশাপাশি ডাগআউটে চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার। এছাড়া রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে রাখা হয়েছে কানাডারই মাইকেল বারওয়েগেনকে।