সাত বছর পর যুক্তরাজ্যে ফিরে রেকর্ড গড়ল বিটিএস

১১ জুলাই, ২০২৬

বিশ্বসংগীতের মঞ্চে নিজেদের একচ্ছত্র আধিপত্য আরও একবার প্রমাণ করল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস। তাদের চলমান বিশ্ব সফরের অংশ হিসেবে লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে পর পর দুটি কনসার্ট মাতালো ব্যান্ডটি। দুই শোতে প্রায় ১ লাখ ৩০ হাজার ভক্তের সমাগম ঘটেছিল। যা স্টেডিয়ামটির ইতিহাসে নতুন রেকর্ড।

ব্যান্ডের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, প্রতি শোতে প্রায় ৬৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। ২০১৯ সালে স্টেডিয়ামটি উদ্বোধনের পর থেকে এটিই সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড। এ কনসার্টের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর যুক্তরাজ্যে ফিরল বিটিএস। এর আগে ২০১৯ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেছিল তারা।

আরএম, জিন, সুগা, জে-হোপ, পার্ক জিমিন, ভি এবং জাংকুক তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’-এর পাশাপাশি জনপ্রিয় পুরানো গানগুলো দিয়ে পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখেন। নতুন ট্র্যাক ‘হুলিগান’, ‘নরমাল’ এবং ‘সুইম’-এর সাথে গলা মেলান ভক্তরা। এছাড়া ‘আইডল’ বা ‘ফায়ার’-এর মতো কালজয়ী গানগুলো দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করে।

যুক্তরাজ্যের প্রথম কনসার্টে স্টেডিয়াম পরিপূর্ণ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিটিএস সদস্যরা। তারা জানান, এই কনসার্টটি তাদের সাত বছর আগের ওয়েম্বলি স্টেডিয়ামের স্মৃতি ও আবেগকে পুনরায় জাগিয়ে তুলেছে। লন্ডনের ঐতিহাসিক অধ্যায় শেষ করে বিটিএস এখন তাদের ‘আরিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের পরবর্তী অংশ হিসেবে মিউনিখের উদ্দেশ্যে রওনা হবে। দক্ষিণ কোরিয়ার গিয়াং থেকে শুরু হওয়া সফরটি ইতিমধ্যেই কে-পপের ইতিহাসে সর্ববৃহৎ ট্যুর।