নিরাপদ আশ্রয় খোঁজতে গিয়ে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু

১১ জুলাই, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানি থেকে বাঁচতে নিরাপদ স্থানে যাওয়ার পথে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১০) ও জেরিন (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার একই ইউনিয়নে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ জুলাই) দুপুরে নৌকাডুবির প্রায় ছয় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ঝর্ণার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন তার ছোটবোন জেরিনের মৃত্যু হয়। নিহত ঝর্ণা ও জেরিন ওই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

চকরিয়ার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসন সহযোগিতা করে এবং চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনা হয়। নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। 

জানা যায়, শুক্রবার সকালে বন্যার পানিতে তাদের বাড়ি ডুবে যাওয়ায় নৌকা যোগে তাদের মাসহ পাশের উঁচু জায়গায় যাচ্ছিল তিন বোন। এ সময় প্রবল স্রোতে তাদের নৌকাটি ডুবে যায়। মা তাৎক্ষণিক সাঁতারে কূলে উঠলেও ঝর্ণাসহ তার দুই বোন সাওরিন মনি ও জেরিন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা সাওরিন ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ঝর্ণা স্রোতে ভেসে নিখোঁজ হয়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ছয় ঘণ্টা অভিযান চালায়। পরে দুপুর ২টার দিকে ঝর্ণার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন জেরিনের দুপুর ১টার দিকে মৃত্যু হয়েছে বলে জানান তার বাবা আবদুল মালেক। 
আবদুল মালেক জানান, বাড়িতে পানি ঢুকে পড়ায় স্ত্রী ও তিন সন্তানসহ তিনি ডিঙ্গি নৌকা নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে বেরিয়েছিলেন। স্ত্রীসহ সাঁতরে উঠতে পারলেও সন্তানরা দুর্ঘটনার সময় ভেসে যায় বলে জানান তিনি।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে পারাপারের সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়।