১১ জুলাই, ২০২৬
শপথ গ্রহণের পরদিনই নিজ সংসদীয় এলাকার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর।
শুক্রবার তিনি হারুয়ালছড়ি ও সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ৩০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে তিনি বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সরোয়ার আলমগীর বলেন, ‘ফটিকছড়ির কোনো মানুষ যেন অসহায় অবস্থায় না থাকে, সে লক্ষ্যে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।’
তিনি আরও বলেন,‘‘সবাই মিলে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা— ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’’
এর আগে তিনি মাইজভান্ডার দরবার জিয়ারত করেন। পরে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দিনের শেষভাগে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এমপি সরোয়ার আলমগীর। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মুনসুর আলম চৌধুরী, চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান শহিদুল আজম, নাছির উদ্দীনসহ অনেকে।