নেত্রকোনায় বাড়ছে নদ-নদীর পানি

১১ জুলাই, ২০২৬

কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি। জেলার ৫টি বড় নদ নদীর মধ্যে দুটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার পাহাড়ি সীমান্ত উপজেলা কলমাকান্দায় আন্তঃসীমান্ত সোমেশ্বরীর নদীর নামকরণ হয় উপদাখালি। যার কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার সমতল দিয়ে প্রবাহিত হচ্ছে। 

শুক্রবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের সন্ধ্যা ৬ টার পর্যবেক্ষণে ডেঞ্জার লেভেল দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া খালিয়াজুরী উপজেলায় ধনু নদের পানি প্রকোপ বাড়ন্ত রয়েছে। তবে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যগুলো যেমন দুর্গাপুরে সোমেশ্বরী ও কংশ নদীতে প্রকোপ হ্রাসের দিকে। 

এছাড়া মগড়া নদীর আটপাড়া উপজেলা স্টেশনে প্রকোপ বৃদ্ধি বলে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, নেত্রকোনার জারিয়া পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় ১৬০ বারিপাত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা আগামী দুদিন বাড়তে পারে বলে আবহাওয়ার আগাম বার্তায় জানা গেছে। এতে বাড়বে নদীর পানিও।