১১ জুলাই, ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়ার মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৩৪/৫-এস সংলগ্ন এলাকা দিয়ে পুশইনের চেষ্টার ঘটনা ঘটে।
বিজিবির ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিপাড়া সীমান্তের ভারতের অভ্যন্তরে নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরে শিশুসহ মোট ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এসময় বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে। বিজিবির কঠোর অবস্থানের মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
পঞ্চগড় ১৮ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ছিল। পুশ-ইনের চেষ্টার সময় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে। বিএসএফ এসময় তাদের ফেরত নিয়ে চলে যায়। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তির অবস্থান বা চলাচল নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুরো এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।