১১ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফুটবল মানেই নিরন্তর ছোটাছুটি। সেখানে শারীরিক প্রতিবন্ধকতায় ভেনেজুয়েলার সাংবাদিক মানু গুতিয়ারেজ হাঁটা-চলাই করতে পারেন না। এই সীমাবদ্ধতার মধ্যেও তিনি বিশ্বকাপ কাভার করছেন এবং মেসির সাক্ষাৎকারও নিয়েছেন।
ম্যাচের পর সাংবাদিকদের মিক্সড জোন কিংবা প্রেস কনফারেন্সের মধ্যে একটা বেছে নিতে হয়। মিক্সড জোনে খেলোয়াড়দের কাছাকাছি পান সাংবাদিকরা। তাই সেখানে বেশি আবেদন পড়ে। অনেকে মিক্সড জোনের একসেস পান। প্রবেশাধিকার পেলেও খেলোয়াড়দের সাক্ষাৎ খুব কম জনই পান। ভেনেজুয়েলার সাংবাদিক মানু গুতিয়েরেজ আর্জেন্টিনা-মিশর ম্যাচের পর মিক্সড জোনে মেসির সাক্ষাৎকার নিয়েছিলেন। যা বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল।
গতকাল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের সংবাদ সম্মেলন কাভার করতে এসেছিলেন ভেনেজুয়েলার সাংবাদিক মানু গুতিয়েরেজ। সেই সম্মেলন কাভারের পর মেসির সাক্ষাৎকার নিয়ে তিনি এই প্রতিবেদককে ভাঙা ইংরেজিতে বলেন, 'মেসি অনেক বড় মাপের খেলোয়াড়। আমি তাকে আগে থেকেই পছন্দ করি। মিশর ম্যাচের পর আমি সরাসরি কথা বলার সুযোগ পেয়েছি। খুব কাছ থেকে দেখার পর বলব সে মানুষ হিসেবেও অনেক বড়।'
মিশরের ম্যাচটি আর্জেন্টিনা অনেক কষ্টে জিতেছে। সেই ম্যাচে অনেক বিতর্কিত ঘটনাও ছিল। মানু সেই সব জিজ্ঞেস করে উত্তরও পেয়েছেন মেসির কাছ থেকে, 'তার কান্না, গোল এবং ঐ ম্যাচের অনেক কিছুই আমি জিজ্ঞেস করেছি। সে সব বিষয়ে আমাকে বলেছে।'
বিশ্বকাপ চলাকালে ভেনেজুয়েলায় মারাত্মক ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের তারকা ফুটবলার বেলিংহামকে ভেনেজুয়েলার ভূমিকম্প নিয়ে প্রশ্ন করেছেন মানু, 'বেলিংহাম আমার কাছে ভেনেজুয়েলার প্রতি সংহতি জানিয়েছেন।'
বাংলাদেশের মানুষও ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেছিল। বাংলাদেশে ফুটবল উন্মাদনার বিষয়ও জানা গুতিয়েরেজের, 'বাংলাদেশের মানুষ ফুটবল অনেক ভালোবাসে। ভেনেজুয়েলার প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।'
মানু গুতিয়েরেজের বয়স মাত্র ৩০। জন্মের পর থেকেই শারীরিক সমস্যা নিয়ে বেড়ে উঠছেন। খেলা ও লেখা দুটোই ভালোবাসেন। সেই থেকে সাংবাদিকতায় আসা তার, 'আমি খেলা দেখতে ও লিখতে ভালোবাসি। আমার প্যাশন থেকেই আসা। ভালোবাসা ও চেষ্টা থাকলে মানুষ যে কোনো কিছু করতে পারেন।'
এই বিশ্বকাপে মানু আটলান্টা ও কানসাসের ম্যাচগুলো কাভার করছেন। হুইলচেয়ার দিয়ে তিনি নিজেই চলাচল করেন। হাঁটাচলার পাশাপাশি কথা বলতেও খানিকটা জড়তা রয়েছে। সকল প্রতিবন্ধকতা দূর করে তিনি বিশ্বকাপে সবার দৃষ্টি কেড়েছেন।