কাজিরহাটে মোস্তফা হত্যা: মূলহোতাসহ দুজন গ্রেফতার

১২ জুলাই, ২০২৬

বরিশালের কাজিরহাটে মোস্তফা কামাল হত্যা মামলার মূলহোতা শাহাবুদ্দিন হাওলাদার (৪৮) ও সহযোগী আল আবিরকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার ঢাকার উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ১৮ ফেব্রুয়ারি রাতে ভাষানচর ইউনিয়নের ছৈয়মতক্তা এলাকায় বাজার থেকে ফেরার পথে মোস্তফা কামালের গতিরোধ করে সন্ত্রাসীরা। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে তারা রামদা, চাপাতি, লোহার রড ও হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, শাহাবুদ্দিন হাওলাদার মোস্তফা কামালকে ধরে রেখে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে অন্য আসামিদের সঙ্গে মিলে তাকে হাতুড়ি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তার দুই হাত-পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কাজিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৮ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় এবং বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে র‌্যাব-৮ এবং র‌্যাব-১ যৌথভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে শাহাবুদ্দিন হাওলাদার ও আল আবিরকে গ্রেফতার করে।

গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।