১২ জুলাই, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিভিন্ন দেশে পালিয়ে থাকা অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সামনে বিচারকার্য সম্পন্ন করা হবে।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিচারকার্য শেষ হয়েছে এবং তার সাজা হয়েছে। এ ছাড়া আরও অনেক স্বৈরাচারীরও সাজা হয়েছে। তিনি বলেন, যারা দেশের বাইরে পালিয়ে রয়েছেন, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরও সেই কার্যক্রম অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাধীনতার পর এবারের জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। নারী শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে এবং এবারের বাজেটকে নারীবান্ধব হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি জানান, নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এজন্য প্রয়োজনীয় বাজেটও বরাদ্দ রাখা হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার এবং জেলা পরিষদের প্রশাসক।
সেমিনারে নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।