১২ জুলাই, ২০২৬
বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
উদ্বোধন শেষে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন প্রতিমন্ত্রী বলেন, আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি। গাছ ঠিক উল্টো কাজটি করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। মানুষের জীবন ও গাছের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। প্রকৃতি ও গাছপালা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের সঙ্গে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে যে নিমগাছ রোপণ করেছিলেন, তা তীব্র রোদ ও ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও মানুষকে স্বস্তি দেয়।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করছে। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। অবহেলায় গাছ মারা গেলে বা নষ্ট হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির এবং জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। শেষে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির স্টল পরিদর্শন করেন এবং একটি ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করেন।
সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, এবারের মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে ১৯টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চারা বিক্রি চলবে এবং আগামী ১৭ জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলা শেষ হবে।