ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২৮৩৬ মামলা

১২ জুলাই, ২০২৬

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ২ হাজার ৮৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

আজ শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ছয়টি বাস, ১১টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৮টি বাস, ৭৭টি ট্রাক, ৭২টি কাভার্ডভ্যান, ১৪৭টি সিএনজি ও ২৭৬টি মোটরসাইকেলসহ মোট ৮৫৭টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ছয়টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬টি বাস, নয়টি ট্রাক, ৩৬টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২৮১টি মোটরসাইকেলসহ মোট ৫২৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ১০টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৯৯টি মামলা হয়েছে। 
ট্রাফিক-গুলশান বিভাগে ২১টি বাস, তিনটি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৮৩৪টি গাড়ি ডাম্পিং ও ৩১৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।