১২ জুলাই, ২০২৬
পূর্ব সিরিয়ার দেইর আল-জোর শহরে ইউফ্রেটিস নদী পারাপারের সময় সেতুর সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সিরিয়ান সিভিল ডিফেন্স।
রোববার (১২ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনার সময় ফেরিটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। সেতুর সঙ্গে সংঘর্ষের পর ফেরিটি উলটে নদীতে ডুবে যায়। এতে ফেরিতে থাকা সবাই পানিতে পড়ে যান।
সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১৫ জনের বেশি যাত্রীকে জীবিত উদ্ধার করেছে। তবে বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে নদী ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
সূত্র: রয়টার্স