প্রায় দুই কোটি ইউয়ানের সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন চীনা তরুণ

১২ জুলাই, ২০২৬

চীনের সাংহাইয়ে ১৯ বছর বয়সী এক শিক্ষার্থী প্রায় দুই কোটি ইউয়ানের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকার সমপরিমাণ) সম্পদ নিজের পরিবারের সদস্যদের বাদ দিয়ে শৈশবের এক বন্ধুর নামে লিখে উইল করে দিয়েছেন।উইলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গোপনীয়তা রক্ষার জন্য তার পুরো নাম প্রকাশ করা হয়নি। শুধু তার পদবি ‘লি’ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি তার করা উইলটি আনুষ্ঠানিকভাবে সত্যায়িত হয়েছে। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানিয়েছে, লির সম্পদের মধ্যে একটি ফ্ল্যাট এবং উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় রয়েছে।

লি জানান, তার বাবা-মায়ের বিচ্ছেদের পর দুজনই নতুন করে বিয়ে করেন। এরপর তারা তাকে এই সম্পদগুলো দেন। তিনি বলেন, ব্যক্তিগত কারণের পাশাপাশি বাস্তব চিন্তা থেকেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি নিয়মিত বিভিন্ন ঝুঁকিপূর্ণ খেলাধুলায় অংশ নেন।

তাই ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পত্তি যেন তার নিজের ইচ্ছা অনুযায়ী বণ্টন হয়, সে জন্য আগেই উইল করে রেখেছেন। লি আরো জানান, তার বাবা ও মায়ের বর্তমান জীবনসঙ্গীদের তিনি নিজের পরিবারের সদস্য বলে মনে করেন না। তাই তারা ভবিষ্যতে যেন তার সম্পত্তির কোনো অংশ না পান, সেটিও তিনি নিশ্চিত করতে চেয়েছেন। এ কারণেই তিনি তার শৈশবের এক ঘনিষ্ঠ বন্ধুর নামে সব সম্পত্তি লিখে দিয়েছেন। তার ভাষায়, বহু বছর ধরে ওই বন্ধুকে তিনি চেনেন এবং তার ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে।