অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড় বিজয়ের সিনেমার

১২ জুলাই, ২০২৬

মুক্তির আগেই দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছে তামিল সুপারস্টার বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগন’। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের এই ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহের প্রতিফলন দেখা গেছে অগ্রিম টিকিট বিক্রিতেই।

সম্প্রতি ছবিটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রশংসাপত্র বোর্ড (সিবিএফসি) থেকে প্রদর্শনের অনুমতি পেয়েছে। আগামী ২৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জন নায়াগন’।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। দেশটিতে ছবির পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়ে জানিয়েছে, সিনেওয়ার্ল্ডের মাধ্যমে দর্শকরা এখন টিকিট সংগ্রহ করতে পারছেন।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে বিপুলসংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী পরিবেশক সংস্থার দাবি, টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টাতেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে। 

তাদের মতে, বিজয়ের শেষ অভিনীত সিনেমাকে ঘিরে দর্শকদের যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, এই অগ্রিম বুকিং তারই স্পষ্ট প্রমাণ। রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর ‘জন নায়াগন’কে বিজয়ের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। ফলে ছবিটির মুক্তিকে ঘিরে দেশ-বিদেশে তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।