১৩ জুলাই, ২০২৬
চট্টগ্রামের বাঁশখালী উপকূলে অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ১৪টি ট্রলিং জাল এবং ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়- শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড চট্টগ্রাম জোনের সদস্যরা বাঁশখালী থানার শেখেরখীল মাছঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৪টি ট্রলিং জাল উদ্ধার এবং ৩৭ জন জেলেকে আটক করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ট্রলিং বোট, ট্রলিং জাল ও আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।