টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে আটক ২০, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড

১৩ জুলাই, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে হাজি মাজার বস্তি থেকে ২০ মাদকসেবীকে আটক করা হয়েছে। এসময় আসামিদের ঘিরে লোকের জনসমাগম হওয়ায় ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে তুরাগ নদীর তীরের ওই বস্তিতে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। বিপুলসংখ্যক পুলিশ বস্তিতে অভিযান করে মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করে। আসামিদের আটকের পর পুলিশের গাড়িতে উঠানোর সময় বস্তির বিপুলসংখ্যক মানুষ আসামিদের ঘিরে ফেলার চেষ্টা করলে নিরাপত্তার স্বার্থে পরপর ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

এসময় বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডের ধোঁয়ায় পুরো মাজার বস্তি আচ্ছন্ন হয়ে যায়। গ্রেনেডের বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষ ভয়ে এদিক-ওদিক ছুটোছুটি শুরু করেন। মাজার বস্তি ও আশপাশ টঙ্গী বাজারের পশ্চিম অংশ ও সেনাকল্যাণ ভবন এলাকায় দোকানপাট সাময়িকের জন্য বন্ধ হয়ে যায়। অতঃপর পুলিশ আটক ২০ আসামিকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান হয়। অভিযানে আসামি আটকের পর অতিরিক্ত জনসমাগম হওয়ায় ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়েছে। আসামিরা এখন টঙ্গী পশ্চিম থানা হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, জিএমপি কমিশনারের নির্দেশে আমরা মাদকবিরোধী অভিযান করছি।

আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।