১৩ জুলাই, ২০২৬
কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিলীপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।
রোববার বিকেল ৫টার দিকে খোকসা পৌর ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দিলীপ বিশ্বাস খোকসা উপজেলার বেতবাড়ীয়া এলাকার ঋষি বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোকসা বাজার থেকে একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান কমলাপুর যাচ্ছিল। ভ্যানটি খোকসা পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেট কার সেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌর ভূমি অফিসের গেটে দাঁড়িয়ে থাকা হোমিও চিকিৎসক দিলীপ বিশ্বাসের ওপর উল্টে পড়ে। এ সময় দিলীপ বিশ্বাসসহ ভ্যানে থাকা দুই আরোহী ইকবাল ও সাইদুল গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দিলীপ বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, প্রাইভেট কারের ধাক্কায় এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।