৩ বছরে ইহুদি নিরাপত্তায় ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ব্রিটেন

১৩ জুলাই, ২০২৬

সম্প্রতি সময়ে একের পর এক ইহুদিবিদ্বেষী হামলার ঘটনার পর ব্রিটেনে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আগামী তিন বছরে ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি, অর্থাৎ প্রায় ৩৩৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে।

সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই অর্থের একটি বড় অংশ ব্যয় করা হবে অতিরিক্ত পুলিশ নিয়োগে। এর আওতায় ইংল্যান্ড ও ওয়েলসে ৫০০ জনের বেশি নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তারা ইহুদি অধ্যুষিত এলাকা, ইহুদি স্কুল, উপাসনালয় এবং কমিউনিটি সেন্টারের আশপাশে নিয়মিত টহল দেবেন।

এতে এসব এলাকার নিরাপত্তা আরো জোরদার হবে বলে আশা করছে সরকার। গত কয়েক মাসে ব্রিটেনে ইহুদিদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে একাধিক হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের মার্চ মাসে ইহুদি কমিউনিটির ব্যবহৃত চারটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর এপ্রিলে উত্তর লন্ডনে এক ইহুদিবিদ্বেষী ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ওই ঘটনার পর দেশটির জাতীয় সন্ত্রাসবাদ হুমকির মাত্রা ‘উল্লেখযোগ্য’ থেকে বাড়িয়ে ‘গুরুতর’ করা হয়।

 

সরকার জানিয়েছে, এপ্রিলে ছুরিকাঘাতের ঘটনার পর ২৫ মিলিয়ন পাউন্ডের একটি তহবিল ঘোষণা করা হয়েছিল। নতুন এই অর্থ সেই তহবিলের অতিরিক্ত হিসেবে দেওয়া হচ্ছে। নতুন পরিকল্পনার আওতায় লন্ডনে প্রায় ৩০০ জন এবং গ্রেটার ম্যানচেস্টারে প্রায় ৮০ জন অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। গত বছর গ্রেটার ম্যানচেস্টারের একটি ইহুদি উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছিল।

এছাড়া যেসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি বসবাস করেন, সেসব এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আরো ৪৩ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়া ব্রিটেনের মূল্যবোধের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, এই ধরনের বিদ্বেষ ও হামলা মোকাবিলা করা তার নেতৃত্বের শুরু থেকেই অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন তহবিল থেকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ৮৬ মিলিয়ন পাউন্ড পাবে। এছাড়া সন্ত্রাসবাদবিরোধী পুলিশি কার্যক্রম পরিচালনার জন্য আরো ৫৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। সরকার আরো জানিয়েছে, যেসব সময়ে হামলার ঝুঁকি বেশি থাকে, সেসব সময়ে পুলিশি টহল বাড়ানো হবে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়বে। একই সঙ্গে বিদ্বেষমূলক অপরাধ ও ইহুদিবিদ্বেষী হামলা প্রতিরোধেও এটি সহায়ক হবে বলে সরকারের আশা। উল্লেখ্য যে, বর্তমান বিনিময় হার অনুযায়ী ১ মার্কিন ডলারের মূল্য ০.৭৪৬০ পাউন্ড।