১৩ জুলাই, ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, "নির্বাচনের আগে আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে দিয়েছি।" তিনি আরও জানান, আগামী ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের নারী সদস্যদের প্রত্যেকের হাতে ক্রমান্বয়ে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলার ৭,০০০ পরিবারের নারী সদস্যরা এই কার্ড পাবেন। ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, "বিএনপির পাশে যতক্ষণ জনগণ থাকবে, ততক্ষণ বিএনপি কোনো বাধা না মেনে দেশের স্বার্থে কাজ করে যাবে।"
নারীদের শিক্ষাক্ষেত্রে বিশেষ উদ্যোগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক (ফ্রি) করে দিয়েছিলেন। তাকে অনুসরণ করেই বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক (ডিগ্রি) পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করবে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।"
মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বরিশালের গৌরনদীতে পৌঁছায়। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এরপর প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা 'সরিকল খাল'-এর পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং চারা রোপণ করেন।