ভক্তদের দুঃসংবাদ দিলেন ইমরান আব্বাস

১৪ জুলাই, ২০২৬

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ইমরান আব্বাস কি সত্যিই শোবিজ জগতকে বিদায় জানাচ্ছেন? গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিনোদন পাড়ায় ঘুরে বেড়ানো এই প্রশ্নের উত্তর অবশেষে নিজেই দিলেন তারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তের করা প্রশ্নের জবাবেই মূলত এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেন তিনি।

ওই ভক্ত অভিনেতার উদ্দেশ্যে লেখেন, ‘ইমরান ভাই, আপনি শোবিজে কবে ফিরবেন?’ প্রতি উত্তরে ইমরান আব্বাস লেখেন, ‘সত্যি বলতে, আপাতত কোনো ইচ্ছা নেই।’ তার এই মন্তব্যে এটি স্পষ্ট যে,ভবিষ্যতে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ভাবছেন না তিনি। বিগত কয়েক বছর ধরে স্পটলাইটের আড়ালে থাকলেও ভক্তদের মাঝে ইমরান আব্বাসের অনুপস্থিতি বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। 

২০২৪ সালে মাত্র একটি সিনেমা ও একটি মিনি সিরিজে দেখা গিয়েছিল তাকে।  এরপর নতুন কোনো প্রজেক্টের ঘোষণা না আসায় ভক্তরা আগে থেকেই ধারণা করছিলেন, তিনি হয়তো নীরবেই মিডিয়াকে বিদায় জানিয়েছেন। অবশেষে অভিনেতার নিজের মন্তব্যেই সেই জল্পনা সত্যি হলো।

তবে হুট করে কেন এমন সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ দেখাননি ইমরান আব্বাস। নেটিজেন ও ঘনিষ্ঠদের ধারণা এটি সাময়িক কোনো বিরতি নয়, বরং নিজের ব্যক্তিগত পছন্দ থেকেই দীর্ঘ সময়ের জন্য অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন এই চকলেট বয়।

পাকিস্তানের অন্যতম সফল ও জনপ্রিয় এই অভিনেতার ভক্ত ছড়িয়ে আছে বাংলাদেশে ও ভারতেও। ‘খোদা অউর মোহাব্বত’-এর মতো ব্লকবাস্টার নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া ইমরান ২০১৪ সালে বিপাশা বসুর বিপরীতে ‘ক্রিয়েচার থ্রিডি’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। 

এরপর ২০১৫ সালে ‘জানিসার’ এবং ২০১৬ সালে রণবীর কাপুর ও আনুশকা শর্মা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় একটি বিশেষ ক্যামিও চরিত্রে তাকে দেখা গেছে। পর্দার বাইরে থাকলেও উপমহাদেশে তার অভিনীত নাটক ও বলিউড সিনেমাগুলোর কারণে এখনো তার জনপ্রিয়তা আকাশচুম্বী।