জুলাই বিপ্লব স্মারক ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান জানিয়েছে ছাত্রশক্তি

১৪ জুলাই, ২০২৬

জুলাই বিপ্লবের চেতনা, সংগ্রাম, আত্মত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে বিশেষ স্মারক ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নিয়েছে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। এ উপলক্ষে শিক্ষার্থী, লেখক, গবেষক ও সচেতন নাগরিকদের কাছ থেকে মৌলিক লেখা আহ্বান করেছে সংগঠনটি।

সোমবার (১৩ জুলাই) সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বায়েজিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিতব্য স্মারক ম্যাগাজিনে জুলাই বিপ্লবের বিভিন্ন দিক, স্মৃতিচারণ, বিশ্লেষণ, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ও সমাজ নিয়ে ভাবনার বিষয়গুলো স্থান পাবে। এ কারণে সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মৌলিক লেখা আহ্বান করা হয়েছে।

লেখার বিষয়গুলোর মধ্যে রয়েছে-জুলাই বিপ্লবের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ, জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগ, গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কার, তরুণদের ভাবনা ও নতুন বাংলাদেশ। এছাড়া প্রবন্ধ, নিবন্ধ, কলাম, গল্প, কবিতা, সাক্ষাৎকার, বই পর্যালোচনা কিংবা প্রাসঙ্গিক যেকোনো মৌলিক লেখা পাঠানো যাবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, লেখা অবশ্যই মৌলিক, তথ্যভিত্তিক ও শালীন হতে হবে। আয়োজকদের প্রত্যাশা, এসব লেখা আগামী প্রজন্মের জন্য জুলাইয়ের ইতিহাস ও চেতনা সংরক্ষণের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ভূমিকা রাখবে।

আগ্রহীদের আগামী ২৫ জুলাই ২০২৬-এর মধ্যে তাদের লেখা ই-মেইল ঠিকানা jatiyachatrashakti2024@gmail.com-এ পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।