ইকরা স্কুল হবিগঞ্জ ও ইকরা মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত

১৪ জুলাই, ২০২৬

হবিগঞ্জে শিক্ষার্থীদের দেশীয় ও মৌসুমি ফলের সঙ্গে পরিচিত করা এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদ্রাসার উদ্যোগে ফ্রুইটস ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ধরনের ফল প্রদর্শন, ফলের পরিচয় ও গুণাগুণ তুলে ধরাসহ নানা আয়োজনে অংশ নেয় শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ইকরা হবিগঞ্জের কো-অর্ডিনেটর আবদুর রউফ আশরাফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, মৌসুমি ফল মানুষের জন্য অত্যন্ত উপকারী। শিশুদের বাস্তবে ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং তাদের মধ্যে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিশুদের দেশীয় ফল খেতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি বাড়িতে নতুন গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। বৃক্ষ বাঁচলেই মানুষ পর্যাপ্ত অক্সিজেন পাবে এবং পরিবেশ হবে আরও জীবনবান্ধব ও শিশুবান্ধব।

অনুষ্ঠানে ইকরা বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম প্রদর্শিত প্রতিটি ফলের পরিচয় ও পুষ্টিগুণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

ফল উৎসবে ফলের পরিচয় ও গুণাগুণ উপস্থাপনের পাশাপাশি একজন ডাক্তার ও একজন রোগীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে ফলভিত্তিক স্বাস্থ্যসচেতনতামূলক পরিবেশনা করা হয়। এ সময় ভালো পারফরম্যান্স করা শিক্ষার্থীদের মধ্যে ফল পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। লটারির মাধ্যমে শিক্ষকদের জন্য ফলের ঝুড়ি উপহার দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিভিন্ন ধরনের ফল পরিবেশনের ব্যবস্থা ছিল।