১৪ জুলাই, ২০২৬
দীর্ঘদিন অসুস্থতার পর হাসপাতালে মৃত্যু হয় প্রদীপ নামে এক ব্যক্তির।এরপর শেষ বিদায়ের জন্য তার মরদেহ বাড়িতে আনা হয়। মৃত্যুর আগে প্রদীপ একটি কুকুর পুষতেন। অবিশ্বাস্যভাবে মৃত্যুর কয়েক ঘণ্টা পর তার পোষা কুকুরটিরও মৃত্যু হয়। প্রদীপের পরিবারের সদস্যরা বলছেন, কুকুরটি শোক সইতে না পেরেই মারা গেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৪ জুলাই) জানিয়েছে, ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলায় ঘটেছে এ ঘটনা।
ওই মালিকের নাম প্রদীপ জৈন। ৬৭ বছর বয়সী প্রদীপ অসুস্থতা নিয়ে ভোপালের এআইআইএমএস হাসপাতালে মারা যান।
এরপর গত রোববার সকালে তার মরদেহ বাড়িতে আনা হয়। প্রদীপকে মৃত অবস্থায় দেখতে পেয়েই ১৫ বছর বয়সী পোষা কুকুরটি অন্যরকম হয়ে যায়। এটি মালিকের পাশ থেকে এক মুহূর্তের জন্যও সরতে চায়নি।
প্রদীপের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার মরদেহ বাড়িতে আনার পর থেকেই কুকুরটির মুখে শোকের চিহ্ন দেখতে পান তারা। যেহেতু বাড়িতে অন্যান্য মানুষ এসেছিলেন। তাই কুকুরটিকে রাতের বেলা অন্য একটি রুমে রাখা হয়। কিন্তু সারারাত সে একটুও ঘুমায়নি এবং অস্বাভাবিকরকমভাবে ঘেউ ঘেউ করেছে এবং মালিকের কাছে যেতে চেয়েছে।
এরপর গতকাল সোমবার সকালে তাকে শেষবারের মতো প্রদীপের কাছে আসতে দেওয়া হয়। কুকুরটি এসে খুবই নিরবে প্রদীপের কাছে কয়েক মিনিট বসে ছিল। এরপর নিজে নিজেই আবার ভেতরে চলে যায়। এর কিছুক্ষণ পর কুকুরটিও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
প্রদীপের পরিবারের সদস্যরা বলেছেন, প্রদীপ কুকুরটিকে দীর্ঘ ১৫ বছর ধরে লালন-পালন করেছেন। ফলে এটি তার মৃত্যু সইতে পারেনি।