ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা

১৪ জুলাই, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা প্রকাশের পর নতুন ভোটারদের তথ্যে কোনো ভুল থাকলে বা কেউ বাদ পড়লে তা সংশোধনের সুযোগ রাখা হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেসব ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভোটার হওয়ার আবেদন করবেন, তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আগামী ৯ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে। তালিকায় কোনো নাম বাদ পড়লে বা তথ্যে ভুল থাকলে ২৪ আগস্টের মধ্যে আবেদন করে তা সংশোধন বা ভোটার হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পাওয়া যাবে। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরকে সামনে রেখে কমিশন প্রস্তুতি নিচ্ছে।

এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন