১৪ জুলাই, ২০২৬
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব ‘আনন্দসন্ধ্যা’। নিউইয়র্কের ঐতিহ্যবাহী জুইস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং দুই বাংলার জনপ্রিয় তরুণ রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব।
বাংলা সংস্কৃতি, রবীন্দ্রসংগীত ও বাঙালির শাশ্বত ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবময়ভাবে তুলে ধরার অনন্য স্বীকৃতিস্বরূপ রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্বপ্নীল সজীবকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানীর পক্ষে এ সম্মাননা দেওয়া হয়। নিউইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো রবীন্দ্রসংগীতের অবদানের জন্য মেয়রের পক্ষ থেকে কোনো বাঙালি শিল্পীকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হলো।
সম্মাননা গ্রহণের পর আবেগাপ্লুত রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন,রবীন্দ্রনাথের গান কেবল সংগীত নয়, এটি আমাদের সংস্কৃতি, চেতনা ও মানবিক মূল্যবোধের ধারক। প্রবাসের মাটিতে তার সৃষ্টিকে ঘিরে এমন আন্তরিক আয়োজন এবং এই সম্মাননা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
স্বপ্নীল সজীব বলেন, রবীন্দ্রসংগীতের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়ার সুযোগই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। নিউইয়র্ক সিটির এই সম্মাননা আমার শিল্পীজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনার পাশাপাশি একক নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন নন্দিত নৃত্যশিল্পী রাসেল আহমেদ। প্রবাসের মাটিতে নান্দনিক আয়োজনের নেপথ্যে ছিল ‘অ্যাবাউট টাইম ইভেন্টস’। প্রতিষ্ঠানটির কর্ণধার ওয়ালীউদ্দিন আহমেদ চৌধুরী জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও রবীন্দ্রনাথের জীবনদর্শনকে ছড়িয়ে দেওয়াই ছিল তাঁদের মূল লক্ষ্য।