১৪ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর জন্য সরকারি অর্থায়নের পাশাপাশি ইউএনডিপির অর্থায়ন সম্ভব না হলে অন্য কোনো উন্নয়ন সহযোগী বা দাতা সংস্থা আগ্রহী কি না, তা অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য হুইপ এ বি এম. আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানান। পরে গত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একইসঙ্গে ই-পার্লামেন্ট চালুর লক্ষ্যে গঠিত ১ নম্বর সাব-কমিটি এবং ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে জাতীয় সংসদ গ্রন্থাগারের রেফারেন্স ও গবেষণা সেবার মানোন্নয়নের লক্ষ্যে গ্রন্থাগার ও গবেষণা অধিশাখার জনবল বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সংসদ সদস্যদের গবেষণা ও তথ্য-উপাত্তভিত্তিক রেফারেন্স সেবার মানোন্নয়নের জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্বরাষ্ট্র, অর্থ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনায় পরীক্ষামূলকভাবে দুইজন দক্ষ ও অভিজ্ঞ কনসালটেন্ট নিয়োগের সুপারিশ করা হয়।
এছাড়া, লাইব্রেরি কমিটি ও জাতীয় সংসদ গ্রন্থাগারের কনফারেন্স রুম হিসেবে ব্যবহারের জন্য সংসদ ব্লকের লেভেল-১-এর ১৫২ নম্বর কক্ষটি জাতীয় সংসদ গ্রন্থাগারের অনুকূলে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস