১৫ জুলাই, ২০২৬
উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মসংস্থান বজায় রাখতে শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে কাঁচামাল আমদানির জন্য বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর একটি বিধান সাময়িকভাবে শিথিল করে প্রতিষ্ঠানটিকে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে শতভাগ মার্জিন জমা দিয়ে ঋণপত্র (এলসি) খোলার সুযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুধু কাঁচামাল আমদানির ক্ষেত্রে সোনালী ব্যাংকের মাধ্যমে ১০০ শতাংশ মার্জিনে এলসি স্থাপনের জন্য শাইনপুকুর সিরামিকসকে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
তবে এ সুবিধার বিপরীতে কয়েকটি শর্তও আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। শর্ত অনুযায়ী, শাইনপুকুর সিরামিকসের সব ধরনের বিক্রয় আয় ও অন্যান্য প্রাপ্তি একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। সেই হিসাব থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে।
এ ছাড়া, এ সুবিধার কারণে অর্থ বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে এই সুবিধার ভিত্তিতে সোনালী ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখার জনস্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এদিকে একই দিনে জারি করা কেন্দ্রীয় ব্যাংকের আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির আগে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন বাধ্যতামূলক। শিল্প মন্ত্রণালয়ের বয়লার শাখার ২৮ জুন ২০২৬ তারিখের স্মারকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বয়লার নির্মাতাকে অনুমোদিত নকশা ও ডিজাইনের ভিত্তিতে সর্বোচ্চ ১২ মাসের মধ্যে বয়লার নির্মাণ সম্পন্ন করতে হবে। বয়লার সরবরাহের পর নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব সনদ ও কাগজপত্র ক্রেতা প্রতিষ্ঠানকে দিতে হবে এবং প্রতিষ্ঠানের নাম-ঠিকানা প্রধান বয়লার পরিদর্শককে জানাতে হবে।
এ ছাড়া, বয়লার বা এর কম্পোনেন্ট আমদানির জন্য নির্ধারিত ফরমে আবেদন করে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন নিতে হবে। আবেদন যাচাই শেষে অনুমোদন বা নামঞ্জুরের সিদ্ধান্ত জানানো হবে। আবেদন নামঞ্জুর হলে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ জানাতে হবে এবং ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ থাকবে। প্রয়োজন হলে বয়লারের মান যাচাইয়ে নির্মাতার কারখানা বা উৎপাদন প্রক্রিয়াও পরিদর্শন করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।