ইরানের গম সংরক্ষণ গুদামে মার্কিন হামলা

১৫ জুলাই, ২০২৬

ইরানের খুজেস্তান প্রদেশে একটি গম সংরক্ষণ সাইলো তথা গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি, এতে সাইলোটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে খুজেস্তান প্রদেশের উপ-গভর্নর এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ছোড়া প্রজেক্টাইল গম সংরক্ষণের ওই স্থাপনায় আঘাত হানে। হামলার পর জরুরি সেবা ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওই উপ-গভর্নর বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও প্রস্তুত করা হচ্ছে।

সাম্প্রতিক সংঘাতে সামরিক স্থাপনার পাশাপাশি খাদ্য ও বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ সামনে আসছে। গম সংরক্ষণ সাইলোতে হামলার এই দাবি সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃতি ও এর বিস্তারিত পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।