১৫ জুলাই, ২০২৬
একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তিও পেয়েছে একসঙ্গে।
তারা হলো তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা নাটোরের বড়াইগ্রামের জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান।
শিক্ষার্থীদের বাবা রেজাউল করিম সরকার জানান, তাদের একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তাদের তিন বোনের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল।
তারা নিয়মিত লেখাপড়া করে এবং একে অপরকে সহযোগিতা করে। আল্লাহ তায়ালার রহমত, স্বজনদের অনুপ্রেরণা, তাদের আপ্রাণ প্রচেষ্টা আর শিক্ষকদের দিকনির্দেশনাই তাদের এ সাফল্যের মূল চাবিকাঠি।
জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন কেয়া বলেন, তারা ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো। তারা যথেষ্ট ভদ্র ও বিনয়ী।
তাদের এমন সাফল্যে আমরা সবাই খুশি। আগামীতে তারা আরো ভালো ফলাফল করবে এটাই আমাদের প্রত্যাশা।
জোনাইল এমএম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, তারা তিনজনই আমাদের বিদ্যালয়ের অধ্যয়নরত। আশা করি তারা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, এটি একটি বিরল ঘটনা বলা চলে। আমি তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।