রংপুরে কৃষককে হত্যার ঘটনায় গ্রেফতার দুই

১৫ জুলাই, ২০২৬

রংপুরে কৃষককে হত্যা করে ট্রান্সফরমার চুরির ঘটনায় গাইবান্ধা ও জয়পুরহাট থেকে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‍্যাব জানায়, রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির সময় মফিজার রহমান নামের এক কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনায় তদন্তে প্রাপ্ত দুইজন আসামিকে মঙ্গলবার রাতে জয়পুরহাট ও গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের মো. গোলাম রব্বানী (২৮) এবং গাইবান্ধার শহিদুল ইসলাম (৫৪)। 

ভুক্তভোগী ওই কৃষকের ভাইয়ের দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমানের জমিতে বিএডিসির গভীর নলকূপ বসানো আছে। বোরো মৌসুমের সেচ দেওয়া শেষ হওয়ায় প্রতিদিনের মতো রাতে নিজের সেচঘরে বিএডিসি’র সেচ ট্রান্সফর্মার পাহারা দিতেন।

গত ৭ মে ওই সেচঘর থেকে কৃষক মফিজারের হাত পা বাঁধা রক্তাক্ত ও নিথর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরি করার সময় কৃষক মফিজার রহমান বাধা দিলে তাকে হত্যা করে ট্রান্সফর্মার চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় নিহত কৃষক মফিজার রহমানের ভাই মনুয়ার হোসেন গত ৭ মে, রংপুরের পীরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এবং সিপিসি-৩, র‍্যাব-০৫, জয়পুরহাট এর একটি যৌথ আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর (রায়পুর) গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মো. গোলাম রব্বানী এবং একই দিনে রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থেকে অপর আসামি শহিদুল ইসলাম (৫৪) কে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত রবিবার রাতে বগুড়া থেকে রশিদ মিয়া নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।