বালেন্দ্র শাহকে ‘নেপালি হিটলার’ আখ্যা

১৬ জুলাই, ২০২৬

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহের শাসনপদ্ধতি এবং প্রশাসনিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তাকে ‘নেপালি হিটলার’ বলে আখ্যা দিয়েছেন দেশটির একজন উচ্চকক্ষের সংসদ সদস্য। 

গত বুধবার নেপালের জাতীয় পরিষদের (উচ্চকক্ষ) এক বৈঠকে জনতা সমাজবাদী পার্টির (জেএসপি) সংসদ সদস্য মহন্ত ঠাকুর এই মন্তব্য করেন।

সংসদে দেওয়া বক্তব্যে মহন্ত ঠাকুর বালেন শাহের নেতৃত্বাধীন প্রশাসনকে ‘অদক্ষ’ এবং ‘অকার্যকর’ হিসেবে উল্লেখ করে বলেন, এই সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের এমন কর্মকাণ্ডের ফলে নেপালের জনগণের মধ্যে চরম হতাশা তৈরি হচ্ছে। 

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান প্রশাসন কর্মকর্তা-কর্মচারীদের পদ থেকে সরিয়ে দিয়ে তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যার ফলে দেশজুড়ে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বেসরকারি স্কুল এবং নার্সিং হোমগুলোর ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণমূলক নীতি লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের ভবিষ্যতের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। সরকারের এমন অনড় অবস্থান দেশের অর্থনীতিকে আরও দুর্বল করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। 

তিনি আরও দাবি করেন, বর্তমান প্রশাসন ট্রেড ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ সহ্য করতে না পেরে সেগুলো বিলুপ্ত করার চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলোর কার্যালয়েও হস্তক্ষেপ করছে। 

সরকারের এমন একনায়কতান্ত্রিক আচরণের সমালোচনা করে মহন্ত ঠাকুর বলেন, তিনি (বালেন শাহ) যা বলছেন তা-ই যেন আইন হয়ে দাঁড়াচ্ছে, যা দেশকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

সূত্র: এএনআই