হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

১৬ জুলাই, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।  

নিহত ট্রাক চালক আলমগীর মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইছকন্দর আলীর ছেলে। বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে উপজেলার আউশকান্দি এলাকার মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আউশকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। পাশাপাশি অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

আহতদের স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।