মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ জুলাই, ২০২৬

মাগুরা সদরের মঠবাড়ী এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে হুজাইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হুজাইফা মাগুরা সদরের ইছাখাদা গ্রামের বাসিন্দা টিটুল বিশ্বাসের ছেলে। জানা গেছে, শিশুটি তার মায়ের সাথে মঠবাড়ী এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান, তাদের বাড়ির পাশ দিয়ে বর্তমানে একটি নতুন বাইপাস সড়ক নির্মাণের কাজ চলছে। যে কারণে পাশ থেকে মাটি কেটে ওই রাস্তার কাজে দেওয়া হয়েছে। মাটি কেটে নেওয়ায় ওই স্থানে বেশ বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বৃষ্টির কারণে সেই বিশাল গর্তে পানি জমে ছিল। বৃহস্পতিবার দুপুরে খেলাধুলার একপর্যায়ে শিশু হুজাইফা সবার অগোচরে ওই জলাবদ্ধ গর্তে পড়ে ডুবে যায়।

পরবর্তীতে স্থানীয়রা শিশুটিকে গর্তের পানিতে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসাদুর রহমান (বিপ্লব) জানান, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’