১৭ জুলাই, ২০২৬
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে কিউই স্পিনারদের বোলিংয়ের সামনে খেই হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লেনক্স-ব্রেসওয়েলদের বোলিংয়ে ১৪০ রানে অলআউট হয় তারা।
জবাবে টম ল্যাথাম-ড্যারিল মিচেলদের ব্যাটে চড়ে জয় তুলে নেয় ব্ল্যাকক্যাপসরা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। দুই ওপেনারের ব্যাটে শুরুটা খারাপ ছিল না স্বাগতিকদের। তবে দলীয় ২৪ রানে দ্রুত রান নিতে গিয়ে চোট পান ওপেনার জন ক্যাম্পবেল। এই চোটের কারণেই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
নবম ওভারে প্রথম উইকেটের দেখা পায় নিউজিল্যান্ড। জ্যাকব ডাফির বলে স্যান্টনারের দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন আরেক ওপেনার আকিম আগুস্তে। ২৭ বলে ৪ চারে ২৬ রান করেন তিনি। অধিনায়ক শাই হোপকে ৮ রানের বেশি করতে দেননি জেডন লেনক্স। এরপর দ্রুতই শেরফান রাদারফোর্ডকে সাজঘরে ফেরান মিচেল স্যান্টনার৷
পঞ্চম উইকেটে ৪৯ রানের জুটি গড়েন শিমরন হেটমায়ার ও কেসি কার্টি। ৭৭ বলে ৪৮ রান করা কার্টিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মাইকেল ব্রেসওয়েল। এর পরপরই ২৬ রান করা শিমরন হেটমায়ারকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন ব্রেসওয়েল। বাকিটা একাই গুঁড়িয়ে দিয়েছেন জেডন লেনক্স।
আগের ম্যাচে ফাইফারের পর এবার ৪ উইকেট শিকার করেছেন লেনক্স। দুইটি করে উইকেট শিকার করেন মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। ব্যাটিং ব্যর্থতায় ৩৭.১ ওভারে ১৪০ অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র তিন ব্যাটার।
১৪১ রানে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটাররা খুব বেশি বড় ইনিংস খেলতে না পারলেও জয় পেতে সমস্যা হয়নি নিউজিল্যান্ডের৷ ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন হেনরি নিকোলস ও উইল ইয়াং। ৪৮ বলে ২৪ রান করে ভাইটাল ল্যাওসের শিকার হন নিকোলস। তিনে নেমে ৭ রান করে ল্যাওসের দ্বিতীয় শিকার হন মার্ক চ্যাপম্যান। এরপর ২৩ রান করা উইল ইয়াংকেও সাজঘরে ফেরান ল্যাওস।
দলীয় ৮৯ রানে ২৮ রান করা ড্যারিল মিচেল খারি পিয়েরের শিকার হয়ে সাজঘরে ফেরেন। এরপর অবিচ্ছিন্ন ৫২ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন টম ল্যাথাম ও ডিন ফক্সক্রফট। ৫৩ বলে ২ চারে ৩১ রান করে অপরাজিত ছিলেন টম ল্যাথাম। ২৮ বলে ২ চারে ২২ রান করে অপরাজিত ছিলেন ডিন ফক্সক্রফট।
স্বাগতিকদের হয়ে ভাইটাল ল্যাওস ৩ উইকেট শিকার করেন। এই জয়ের পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।