১৭ জুলাই, ২০২৬
সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘সেল’-এর সহায়ক টাস্কফোর্স-এর ২য় সভা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সভায় গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বর্তমান কাজের অগ্রগতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য নিয়ে আলোচনা করা হয়। চারাগাছ নিখুঁতভাবে ট্র্যাকিং ও ডেটাভিত্তিক পর্যবেক্ষণের জন্য ‘ট্রি মনিটরিং অ্যাপ’ খুব দ্রুতই উন্মুক্ত করা হবে বলে জানানো হয়।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ সাইমুম পারভেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম এবং টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবিসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।