হঠাৎ কেন কলকাতায় কাজল

১৭ জুলাই, ২০২৬

বলিউড অভিনেত্রী কাজলের হঠাৎ কলকাতা সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা। রথযাত্রার দিনে কলকাতায় পৌঁছে শুক্রবার সকালে দক্ষিণেশ্বর কালীমন্দিরে পূজা দিয়েছেন তিনি। এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, শুধুই ব্যক্তিগত সফর, নাকি নতুন কোনো সিনেমা বা প্রকল্পের ঘোষণা আসছে শিগগিরই?

শুক্রবার সকালে লাল রঙের কো-অর্ড সেট, চোখে সানগ্লাস এবং হাতে পূজার ডালা নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে দেখা যায় কাজলকে। প্রিয় অভিনেত্রীকে একনজর দেখতে ও সেলফি তুলতে মন্দির প্রাঙ্গণে ভিড় করেন ভক্তরা। তবে এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। পূজা শেষে দ্রুত গাড়িতে উঠে মন্দির ত্যাগ করেন।

কাজলের এই সফরের উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ফলে তাঁর কলকাতা সফর নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

তবে দক্ষিণেশ্বর মন্দিরে কাজলের উপস্থিতি নতুন নয়। এর আগেও ২০২৫ সালে মা তনুজা ও ছেলে যুগকে সঙ্গে নিয়ে এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন তিনি।

এবারও সেই ধারাবাহিকতাই বজায় রাখলেন বলে মনে করছেন অনেকেই।

এর আগে বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা দেন কাজল। ধূসর রঙের জাম্পসুট পরা অভিনেত্রীকে হাসিমুখে ছবির জন্য পোজ দিতে দেখা যায়। 

এ সময় উপস্থিত সাংবাদিক ও আলোকচিত্রীদের কেউ কেউ জানতে চান, ‘ম্যাডাম, হঠাৎ কোন কাজে কলকাতায় এলেন?’ তবে প্রশ্নের কোনো উত্তর দেননি অভিনেত্রী।

কাজলের নীরবতায় রহস্য আরো ঘনীভূত হয়েছে। এখন ভক্তদের অপেক্ষা, এই সফরের প্রকৃত কারণ কী, তা জানার।