১৭ জুলাই, ২০২৬
রংপুরে একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রংপুরের পীরগাছা রেলস্টেশনের পাশের এলাকা শুকানপুকুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্টেশন মাস্টারের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। বিকাল সাড়ে ৫টা নাগাদ নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পীরগাছা স্টেশনমাস্টার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে শুকানপুকুর এলাকায় লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে এক নারী ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্টেশনমাস্টার বলেন, ট্রেনটি কয়েকগজ গজ দূরে থাকা অবস্থায় ওই নারী রেল লাইনের ওপর শুয়ে পড়েন। তার বয়স আনুমানিক ৪০ বছর।
এর ১০ মিনিট আগে পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনটি ওই স্থানের একটু দূরে এলে সেখানে আরেকজন নারী ট্রেনে কাটা পড়ে মারা যান।
তার নাম রাশেদা বেগম। বয়স আনুমানিক ৫০ বছর। তিনি ঘটনাস্থলের পার্শ্ববর্তী দুধিয়াবাড়ি গ্রামের বাসিন্দা। পীরগাছা রেলস্টেশনের মাস্টার জেনারুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।
এর মধ্যে একজনের নাম জানা গেছে। আরেক জনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়ায় নিহতদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।