১৮ জুলাই, ২০২৬
লালমনিরহাটে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই অটো ইজিবাইক উদ্ধারসহ আন্তঃজেলা চক্রের সদস্য সুভাষ চন্দ্র রায়কে(৪৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১৭ জুলাই) সকালে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বিকাল ও সন্ধ্যায় সদর থানার বিডিআর গেট ও কুলাঘাট বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক ও চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। সুভাষ চন্দ্র লালমনিরহাট শহরের রায়পাড়া এলাকার নির্মল চন্দ্রের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি আন্তঃজেলা চোর চক্র লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে আসছিল। গতকাল চক্রটির সদস্য সুভাষ চন্দ্র রায় একটি চোরাই অটো বিক্রির জন্য পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের শহীদ শাহজাহান কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছিল। এমন সংবাদ পেয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাতে সুভাষ বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে লালমনিরহাট সদরের কুলাঘাট বাজারে সুকুমার রায়ের শুভ অটো সেন্টার নামক দোকানে বিক্রি করতেন বলে জানিয়েছেন। এছাড়াও সুকুমার রায় চোরাই ইজিবাইক কিনে সেগুলোর বিভিন্ন অংশ ও রঙ পরিবর্তন করে লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছে। তার দেওয়ার তথ্যের ভিত্তিতে সুকুমার রায়ের দোকানে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সুকুমার রায়। পরে ওই দোকানে তল্লাশি চালিয়ে চোরাই সন্দেহে বিভিন্ন কোম্পানির আরও ৪টি পুরাতন ইজিবাইক এবং বিভিন্ন খুচরা যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫৫ হাজার টাকা।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার(ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন কবীর বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে লালমনিরহাট ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে রঙ ও পার্টস পরিবর্তনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল। আমরা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছি এবং ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিসহ চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।