১৮ জুলাই, ২০২৬
গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে চীন আজ ১৮ জুলাই থেকে পেট্রল ও ডিজেলের অভ্যন্তরীণ খুচরা মূল্য বৃদ্ধি করবে বলে শুক্রবার জানিয়েছে রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কমিশন।
চীনের এই কমিশন বিশ্ববাজারে তেলের দামের ওপর ভিত্তি করে খুচরা মূল্যের সর্বোচ্চ সীমা নিয়মিতভাবে সমন্বয় করে।
কমিশন ঘোষণা করেছে, শনিবার থেকে প্রতি টন পেট্রলের দাম ৩০০ চীনা ইউয়ান বা ৪৪.২৯ ডলার বৃদ্ধি পাবে। চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাবিদ জানিয়েছেন, খুচরা ডিজেলের দাম টনপ্রতি ২৯০ ইউয়ান বা ৪২.৮২ ডলার বাড়বে।
তথ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান অয়েলকেমের প্রধান জ্বালানি বিশ্লেষক লিউ বিংজুয়ানকে উদ্ধৃত করে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, ‘মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামে অস্থির উত্থান সর্বশেষ মূল্য নির্ধারণ চক্রটিকে চিহ্নিত করেছে, যা সমন্বয়ের পূর্ববর্তী ১০ কার্যদিবসের গড় অপরিশোধিত তেলের দামকে আগের মূল্য নির্ধারণ চক্রের চেয়ে বেশি করে তুলেছে।’ এ ছাড়া এনডিআরসি রাষ্ট্রীয় পর্যায়ের বৃহত্ তেল শোধনাগার সংস্থা সিএনপিসি, সিনোপেক এবং সিএনওওসিকে ‘স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার জন্য উত্পাদন বজায় রাখতে এবং পরিবহন সহজতর করতে’ নির্দেশ দিয়েছে।
শুধু কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত চীনা বাজারেই নয়, যুক্তরাষ্ট্রসহ সব বাজারেই জ্বালানির খুচরা মূল্য বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার ভোরে অপরিশোধিত তেলের দাম সাপ্তাহিক ১২ শতাংশ বৃদ্ধির পথে ছিল, যা এপ্রিলের পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি। কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের বৃদ্ধি এবং হরমুজ প্রণালির প্রবাহ পুনরুদ্ধারে আকস্মিক বিরতি অপরিশোধিত তেলের ভবিষ্যত্ মূল্যকে এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ঠেলে দিয়েছে।
গ্যাসবাডির পেট্রোলিয়াম বিশ্লেষণ বিভাগের প্রধান প্যাট্রিক ডি হান বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন, যুক্তরাষ্ট্রে পেট্রলের গড় দাম আবারও গ্যালনপ্রতি চার ডলারে পৌঁছতে আর মাত্র কয়েক পয়সা বাকি আছে, অন্যদিকে বৃহস্পতিবার দেশব্যাপী ডিজেলের গড় দাম গ্যালনপ্রতি পাঁচ ডলারে পৌঁছেছে।
ডি হান আরো বলেন, আমেরিকানরা গত বছরের একই দিনের তুলনায় বৃহস্পতিবার গ্যাসোলিনের পেছনে ৩০৮ মিলিয়ন ডলার বেশি খরচ করেছে। সূত্র : অয়েল.কম