১৮ জুলাই, ২০২৬
টঙ্গীর কুখ্যাত মাদক পল্লী কেরানীরটেক বস্তির মাদকের ডিলার ও শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
কারিমা টঙ্গীর ডজনখানেক শীর্ষ মাদক কারবারির একজন।
গতকাল শুক্রবার টঙ্গী পূর্ব থানা পুলিশ আসামিকে আদালতে পাঠায়।
পুলিশ জানায়, কেরানীরটেক মাদক বস্তি থেকে কারিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
টঙ্গীর শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। মাদকের ব্যবসা করে একাধিক বহুতল ভবনসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি পুলিশের ওপর কারিমার নেতৃত্বে হামলা হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।