অভয়নগরে নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ

১৮ জুলাই, ২০২৬

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা নামে ২৮ বছর বয়সী এক তরুণী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সরদার মিল-সংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রণজিৎ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি মানিকগঞ্জ জেলার রবিউল ইসলামের স্ত্রী। 

স্বজনরা জানিয়েছেন, দুই দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন ফাতেমা আক্তার বর্ণা।

বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানিয়েছেন, শুক্রবার দুপুর ২টার দিকে তারা ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানিতে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

নওয়াপাড়া নৌ পুলিশের ওসি রণজিৎ কুমার জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরিদলও উদ্ধারকাজে যোগ দেয়।

শুক্রবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বর্ণার সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত আছে।