কার্জন হল এলাকায় ‘প্রক্টরিয়াল হাব’ স্থাপনের দাবি ডাকসুর

১৮ জুলাই, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে একটি ‘প্রক্টরিয়াল হাব’ স্থাপনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রক্টরের নিকট এ-সংক্রান্ত দাবি জমা দেয় ডাকসু। দাবি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম।

দাবিপত্রে বলা হয়, কার্জন হল এলাকাটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় শহিদ মিনার এবং ঐতিহাসিক ঢাকা গেটের সংলগ্ন হওয়ায় এখানে প্রায়ই বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একইসঙ্গে বিজ্ঞান অনুষদের শিক্ষা কার্যক্রম ছাড়াও ফজলুল হক মুসলিম হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং বেগম সুফিয়া কামাল হলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা এ এলাকাকে ঘিরে রয়েছে।

ডাকসুর সদস্যদের ভাষ্য, কার্জন হল এলাকায় কোনো অনভিপ্রেত ঘটনা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ভৌগোলিক দূরত্বের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের দ্রুত উপস্থিতি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ অনেক সময় কঠিন হয়ে পড়ে। এর ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়।

এ পরিস্থিতি বিবেচনায় কার্জন হল এলাকায় একটি স্থায়ী ‘প্রক্টরিয়াল হাব’ স্থাপনের দাবি জানানো হয়েছে। প্রস্তাবিত এই হাবে সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা অবস্থান করলে সার্বক্ষণিক নজরদারি, দ্রুত সাড়া দেওয়া এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সহজ হবে বলে মনে করছে ডাকসু।

ডাকসু আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং ক্যাম্পাসে কার্যকর আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।