১৮ জুলাই, ২০২৬
কুষ্টিয়ায় এক কিশোর ভ্যানচালকের একমাত্র উপার্জনের মাধ্যম ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে চম্পট দিয়েছে এক যাত্রী। ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ১৪ বছর বয়সী কিশোর রাজ ও তার পরিবার। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
রাজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুর মিয়ার ছেলে। রাজের বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় সংসারের হাল ধরতে অল্প বয়সেই রাজের কাঁধে ভ্যান চালানোর দায়িত্ব চাপে। ৪ সদস্যের এই পরিবারের ভরণপোষণ ও বাবার চিকিৎসার খরচ চলত ওই ভ্যান চালিয়েই।
রাজ জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে ভেড়ামারা থেকে এক ব্যক্তি মালামাল আনার কথা বলে তার ভ্যানটি ভাড়া করেন। বিভিন্ন স্থানে ঘোরানোর পর বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নিয়ে আসেন। সেখানে পৌঁছে ওই ব্যক্তি কৌশলে রাজকে একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন। রাজ পান কিনে ফিরে এসে দেখে, যাত্রী ও তার ভ্যান–কোনোটিই সেখানে নেই।
রাজের বাবা বাহাদুর মিয়া বলেন, ‘আমি অসুস্থ হওয়ায় কাজ করতে পারি না। বড় ছেলে রাজ পড়াশোনা ছেড়ে ভ্যান চালিয়েই আমাদের বাঁচিয়ে রেখেছিল। স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তিতে ভ্যানটি কিনেছিলাম। এখন সংসার কীভাবে চলবে আর কিস্তির টাকাই বা কীভাবে শোধ করব, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছি।’
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।