১৮ জুলাই, ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নতুন ভিআইপি সড়কে ট্রাকচাপায় এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী ওই কর্মকর্তার নাম আব্দুর রহমান সুমন। তিনি চৌমুহনী পৌরসভায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে আব্দুর রহমান সুমন মোটরসাইকেলযোগে নতুন ভিআইপি সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত আব্দুর রহমান সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাসিন্দা।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন খবর দিলে বেগমগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এ ছাড়া ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
দুর্ঘটনার পর নতুন ভিআইপি সড়ক এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।