বিরোধীদল জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়: মির্জা ফখরুল

১৮ জুলাই, ২০২৬

বিরোধীদল ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘বিএনপি জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর পালন করবে। জুলাই সনদ বাস্তবায়ন করা বিএনপির একটি কমিটমেন্ট।’

শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা ৩১ দফাতে যেমন কমিটেড, জুলাই সনদেও কমিটেড। উচ্চকক্ষে আনুপাতিক হারে বণ্টন হবে, এতে আমরা কখনই একমত হইনি। এটি জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

সংবিধান সংস্কার বা সংশোধন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কখনও সংবিধান সংস্কারের কথা বলেনি। বিএনপি সংবিধান সংশোধন করতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমরা বরাবরই বলে এসছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই না জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আরেকটি হাতিয়ারে পরিণত হোক। জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই হয়নি। জুলাইয়ের আন্দোলন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি।’

বিরোধীদল বিভিন্ন রকম মুখরোচক কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।