১৮ জুলাই, ২০২৬
ভারতের গুজরাটের আহমেদাবাদে অবৈধভাবে পরিচালিত একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯জন।
শনিবার (১৮ জুলাই) আহমেদাবাদ শহরের ভাসত্রাল এলাকায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাটালেন্ট ফায়ারওয়ার্কস নামের একটি আতশবাজি কারখানার লাইসেন্স বাতিল হওয়ার পর সেটি গোপনে একটি খামারে সরিয়ে নিয়ে সেখানে উৎপাদান অব্যাহত রাখা হয়েছিল।
ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় মানিনগরের সরকারি হাসপাতাল ও এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের সঙ্গে অন্যান্য জরুরি সেবা সংস্থার সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।
বিস্ফোরণের কারণ এবং অবৈধভাবে কারখানা পরিচালনার বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।