পাবনায় বাগান থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

১৮ জুলাই, ২০২৬

পাবনার আতাইকুলায় নিখোঁজের পরদিন আব্দুস শুকুর (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুস শুকুর। এরপর গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। এতে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ ও উদ্বেগের সৃষ্টি হয়। রাতভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে যোগাযোগ করেও তার কোনো সন্ধান মেলেনি।

শনিবার বিকেলে রতনপুর এলাকার ‘উজিরের বাগান’ নামের একটি জঙ্গলের ভেতর স্থানীয় লোকজন এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহটি আব্দুস শুকুরের বলে শনাক্ত করে।

 আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা মরদেহটি উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।’