চাঁদপুরে মিম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি

১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেফতার কাজী সুমাইয়া হোসেন মিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসীরা। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেফতার করার দাবি করেন তারা।  

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে নিহত মিমের দুই শিশু সন্তান, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, নিহতের বাবা মো. কবির হোসেন, চাচাতো ভাই মো. গোলাম কিবরিয়া, দাদাশ্বশুর মো. আব্দুল হক, বাত্তলা গ্রামের মো. ফরহাদ, মো. জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাদের দাবি, ঘটনার রাতে স্থানীয় লোকজন ওই দুই ব্যক্তিকে এলাকা ছেড়ে চলে যেতে দেখেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে। 

বক্তারা অভিযোগ করেন, গ্রেফতার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার জামিনের জন্য নিহতের শ্বশুরবাড়ির কয়েকজন অপতৎপরতা চালাচ্ছেন। তারা প্রশাসনের প্রতি মামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার বাত্তলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিম নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় নিহতের দেবরের স্ত্রী কাজী সুমাইয়া হোসেন মিনাকে পুলিশ গ্রেফতার করেছে। পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত চলছে।