তুরস্কে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন

১৯ জুলাই, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে তুরস্কের ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ‘জুলাই শহিদ দিবস, ২০২৬’ উদ্‌যাপন করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালায় ইস্তাম্বুলে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ, বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, কনস্যু  লেট জেনারেলের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন কনস্যুলেটের কর্মকর্তাগণ। এরপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার মূলবক্তব্যে কনসাল জেনারেল জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং শোককে শক্তিতে রূপান্তর করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় অংশ নিতে সবার প্রতি আহবান জানান।

উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জুলাই শহিদ দিবস ২০২৬-এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বক্তারা তাদের আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ এবং তাদের অবদানের কথা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান এবং জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা বিদেশিদের কাছে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

পাশাপাশি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়।